নাটোরে আবারও পদ্মানদী থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নাটোরে আবারও পদ্মানদী থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি : সাতদিনের ব্যবধানে আবারও নাটোরের লালপুরে পদ্মানদীর রাইটার চর নদীর পাড়ের একটি নৌকা থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম মো. সাহাবুল ইসলাম (৪৫)।

সে পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর এলাকার ইউনুছ প্রামাণিকের ছেলে। আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে লালপুর থানা পুলিশ। এঘটনায় মো. রবিউল ইসলাম (৩৭) নামের অপর এক জেলে আহত হয়েছে।

লালপুর থানা পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার রাত ১টা ৪৫ মিনিট থেকে রাত আড়াইটার মধ্যে ৫-৬ জন অজ্ঞাতনামা আসামি চর থেকে মোটরসাইকেল চালিয়ে নদীর কিনারায় এসে এলোপাথাড়ি গুলি করে। এসময় গুলিতে শ্যালোইঞ্জিন চালিত মাছ ধরা নৌকায় থাকা মো. সাহাবুল ইসলামের ডান কাঁধের ওপরে একটু পিছনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এসময় সাহাবুলের সাথে নৌকাতে থাকা জেলে মো. রবিউল ইসলাম আহত হয়। প্রাণে বাঁচতে রবিউল আহত অবস্থায় পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে দূরে চলে যায়।

পরে খবর পেয়ে আজ মঙ্গলবার (১৬ জুন) বেলা ৩টার দিকে নিহত পদ্মানদীর রাইটার চর এলাকায় নদীর পাড়ে একটি নৌকা থেকে সাহাবুল ইসলামের মরদেহ উদ্ধার করে। লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মো. সেলিম মিয়া জানান, লালপুর থানা পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতাহল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লালপুর থানার (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ তদন্ত শুরু করেছে। এঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। উল্লেখ্য, এর আগে গত ৯ জুন মঙ্গলবার বিকেল ৪টার দিকে পদ্মা নদীর বালুমহাল নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষ কাকন বাহিনী ও বেলাল বাহিনীর মধ্যে গুলিবর্ষণের ঘটনায় গুলিবিদ্ধ আজিজুল হক ঝড়ু (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।

লালপুরের সীমান্তবর্তী চর চরজাজিরা মৌজার পদ্মানদীর কিনারায় স্পিডবোটের ভেতর থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় একটি সবুজ ও নীল রঙের স্পিডবোট জব্দ করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172831