ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : জেলার হরিপুর উপজেলায় সাপের কামড়ে ক্ষিতিশ চন্দ্র রায় (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার হাটপুকুর গ্রামের শ্রী বিক্রম রায়ের ছেলে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার হাটপুকুর গ্রামে এই ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (১৬ জুন) পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রাতের খাবার শেষ করে নিজ শয়নকক্ষের পাশে বাথরুমে যান ক্ষিতিশ চন্দ্র রায়। বাথরুম থেকে ঘরে ফিরে রাত ১২টার দিকে তিনি তার মা মালা রাণীকে জানান, যে বাথরুমে তাকে একটি বিষাক্ত সাপ কামড় দিয়েছে। এসময় তার মায়ের চিৎকারে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন।
পরে রাত ১টার দিকে ক্ষিতিশকে একটি অটোরিকশায় করে দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই কর্তব্যরত চিকিৎসক ক্ষিতিশকে মৃত ঘোষণা করেন।
হরিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহ. শরীফুল ইসলাম জানান, সাপের কামড়ে যুবকের মৃত্যুর ঘটনায় গতকাল সোমবার রাতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।