নওগাঁর নিয়ামতপুরে জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টায় মারধর আহত ৩

নওগাঁর নিয়ামতপুরে জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টায় মারধর আহত ৩

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে জোরপূর্বক ক্ষমতার দাপট দেখিয়ে বাড়ি দখলে নিতে প্রতিক্ষের মারধরে তিনজন আহত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল ৮ টায় উপজেলার হাজিনগর ইউনিয়নের সাংগৈল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শামসুল হক বাদি হয়ে নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হাজিনগর ইউনিয়নের সাংগৈল গ্রামে সরকারি খাস জমিতে শামসুল হক বসত বাড়ি করে ভোগ দখল করছিল। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে প্রতিপক্ষ এমরান আলী, কামাল হোসেন, রেনভানু, রেহেনা বেগম, মারুফা বেগম, নজরুল ইসলাম, তারেক হোসেন ও ইমনের সাথে শামসুল হকের বাগবিতণ্ডা শুরু হয়।

বাগবিতণ্ডার জের ধরে সকাল ৮টায় প্রতিপক্ষেরা শামসুল হক ও তার স্ত্রী সাহেরা বেগম এবং ছেলের বৌ রোজিনা বেগমকে এলোপাথাড়ি মারধর করে। প্রতিপক্ষ নজরুল ইসলাম সাহেরা বেগমকে শ্লীলতাহানি করে কানের স্বর্ণের দুল কেড়ে নেয়। প্রতিপক্ষ তারেক ও ইমন রোজিনা বেগমকে এলোপাথাড়ি মারধর করে শ্লীলতাহানি ঘটায়।

ভুক্তভোগী শামসুল হক বলেন, প্রতিপক্ষ এমরান আলী আমাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে মুখমণ্ডলে আঘাত করলে আমার বাম চোখ গুরুতর যখম হয়। আমি মাটিতে পড়ে গেলে কামাল হোসেন হত্যার উদ্দেশ্যে আমার গলা চেপে শ্বাসরুদ্ধ করে। আমার চিৎকারে স্ত্রী ও ছেলের বৌ এগিয়ে এলে প্রতিপক্ষরা তাদেরকেও মারধর ও বিবস্ত্র করে শ্লীলতাহানি করে।

তিনি আরও বলেন, আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি করছি। প্রতিপক্ষ এমরান আলী মুঠোফোন বলেন, শামসুল হক নিজে আমার বাড়িতে এসে আমার বোনদের সাথে বাগবিতণ্ডা শুরু করে।

এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172828