বগুড়ার আদমদিঘীতে কেজি স্কুল দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ : বগুড়ায় সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদিঘী উপজেলার একটি কিন্ডারগার্টেন স্কুল দখল এবং ব্যাংক হিসাব থেকে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ও সংসদ সদস্যের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিকার এবং প্রতিষ্ঠানটি রক্ষার দাবিতে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
আজ মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্কুলের প্রতিষ্ঠাতা মৃত. বুলবুল ফারুকের বোন রেনুকা ও জাহানারা। লিখিত বক্তব্যে তারা জানান, ২০১৬ সালে তাদের ভাই মৃত মো. বুলবুল ফারুক আদমদিঘী সদরে ‘বিদ্যাবীথি মডেল স্কুল’ প্রতিষ্ঠা করেন।
অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি এলাকায় ব্যাপক সুনাম অর্জন করে। পরবর্তী সময়ে কিন্ডারগার্টেন নীতিমালা অনুযায়ী পাঠদানের সরকারি অনুমতির সুবিধার্থে, আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে সভাপতি করে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়।
নিয়ম অনুযায়ী স্কুলের নামে দুটি ব্যাংক হিসাবও খোলা হয়। তবে পরিচালনা কমিটি থাকলেও স্কুলটি মূলত বুলবুল ফারুকের একক মালিকানা ও অর্থায়নেই পরিচালিত হয়ে আসছিল। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি বুলবুল ফারুক মৃত্যুবরণ করেন। তিনি নিঃসন্তান হওয়ায় ইসলামী শরিয়ত মোতাবেক তার মা এবং ভাই-বোনেরা এই সম্পত্তির বৈধ ওয়ারিশ।
কিন্তু তার মৃত্যুর পর স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মহিত তালুকদার এবং তার ছোট ভাই উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার (মুক্তা) ব্যাংকে গচ্ছিত স্কুলের সব অর্থ উত্তোলন করে নেন এবং বর্তমানে স্কুলের যাবতীয় আয়-ব্যয় নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন। তাদের পারিবারিক সম্পত্তি ও আর্থিক অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। পরিবারের সদস্যরা এই বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সংসদ ভবনে রয়েছেন বলে জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172826