ম্যাচ শেষেই ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

ম্যাচ শেষেই ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ের রেশ কাটতে না কাটতেই চরম অপমানের মুখে ইরান ফুটবল দল। ম্যাচ শেষ হওয়ার পরপরই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম থেকে তাদের অবিলম্বে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ম্যাচের ধকল কাটাতে বিশ্রামের পর্যাপ্ত সময় না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরান কোচ আমির ঘালেনোই এবং অধিনায়ক মেহেদি তারেমি।

পূর্বপরিকল্পনা অনুযায়ী ম্যাচ শেষে সোমবার রাতটা (স্থানীয় সময়) ক্যালিফোর্নিয়াতেই কাটানোর কথা ছিল ইরানি ফুটবলারদের। দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়ায় রাতেই মেক্সিকোর উদ্দেশে বিমান ধরতে হয় ইরানকে। সংবাদ সম্মেলনে এসে ক্ষুব্ধ ইরানি কোচ আমির ঘালেনোই বলেন, ‘ম্যাচ শেষ হওয়া মাত্রই আমাদের বলা হলো, ‘আপনাদের এখনই এ দেশ ছাড়তে হবে।’ ফুটবলারদের শরীরের জন্য রিকভারি কতটা গুরুত্বপূর্ণ তা সবাই জানে। কিন্তু আমাদের জোর করে প্লেনে তুলে ১৪০ মাইল দূরের টিজুয়ানার ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে। এই আচরণে আমরা ভীষণভাবে বিপর্যস্ত।’

কোচের সুরে সুর মিলিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলের অধিনায়ক ও তারকা স্ট্রাইকার মেহেদি তারেমি। গত রোববার মেক্সিকো সীমান্ত পার হয়ে লস অ্যাঞ্জেলেসে আসার সময় মাত্র কয়েক মিনিটের পথ পাড়ি দিতে নিরাপত্তা চৌকিতে তাদের পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে রাখা হয়েছিল বলে জানান তিনি। তারেমি বলেন, ‘সত্যি বলতে, কেন আমাদের এভাবে তাড়ানো হচ্ছে আমরা জানি না। পুরো ব্যাপারটা খুব অদ্ভুত। মনে হচ্ছে আমাদের পরিকল্পনা অন্য কেউ আড়াল থেকে নিয়ন্ত্রণ করছে। নিয়ম অনুযায়ী ম্যাচের দুদিন আগে আমাদের আসার কথা ছিল এবং ম্যাচ শেষে আজ রাতটা কাটিয়ে আগামীকাল দুপুরে ফেরার কথা ছিল। কিন্তু কেন এই তাড়াহুড়ো, তা আমাদের মাথায় খেলছে না।’

ফিফার হস্তক্ষেপ কামনা করে অলিম্পিয়াকোসের এই স্ট্রাইকার যোগ করেন, ‘খেলোয়াড় ও কোচিং স্টাফদের ওপর দিয়ে চরম মানসিক চাপ যাচ্ছে। আমরা কোনো দিক থেকেই সমর্থন পাচ্ছি না। ফিফার উচিত আমাদের পাশে দাঁড়ানো। আমাদের জন্য এবারের বিশ্বকাপের সবকিছুই একটা বিপর্যয়ের মতো মনে হচ্ছে।’

রাজনৈতিক অস্থিরতার কারণে ইরানকে তাদের বেস ক্যাম্প মেক্সিকোতে করতে হয়েছে। ম্যাচ খেলার জন্য তারা সংক্ষিপ্ত সময়ের জন্য যুক্তরাষ্ট্রে আসার অনুমতি পাচ্ছে। গ্রুপ ‘এ’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২১ জুন লস অ্যাঞ্জেলেসেই বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। এরপর ২৮ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172783