দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার

দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার

বাংলাদেশের জনগণ কোনো আধিপত্যবাদী আগ্রাসনের কাছে কখনও মাথানত করেনি, ভবিষ্যতেও করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১৫ জুন) বিকেলে রাজধানীর শাহবাগে ভারত কর্তৃক বাংলাদেশে পুশইন, সীমান্ত হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের সার্বভৌমত্ব ও লাল-সবুজের পতাকা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ। সীমান্তবর্তী ৩২ জেলার মানুষ পুশইন প্রতিরোধে বিজিবিকে সহযোগিতা করতে প্রস্তুত। তিনি বলেন, বাংলাদেশ শান্তিপ্রিয় ও বন্ধুত্বে বিশ্বাসী, তবে বন্ধুত্বের আড়ালে কোনো দাদাগিরি মেনে নেবে না।

তিনি আরও বলেন, সীমান্ত সমস্যার সমাধানে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ। ভারতের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা থাকলেও বাংলাদেশকে যথাযথ সম্মান দেখানো হয়নি। ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়া এবং বন্দী বিনিময় চুক্তি বাস্তবায়ন না করায় তিনি ভারতের সমালোচনা করেন।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এনসিপি, এবি পার্টি, খেলাফত মজলিস, লেবার পার্টি, জাগপাসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172739