বগুড়ার কাহালু’র জামগ্রামে বিষধর পদ্মগোখরো উদ্ধার, নির্জন স্থানে অবমুক্ত করা হলো
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বুগুড়া জেলার কাহালু উপজেলায় উদ্ধার হওয়া একটি বড় আকারের বিষধর পদ্মগোখরো সাপ লোকালয় থেকে দূরের নির্জন স্থানে অবমুক্ত করা হয়েছে। জানা গেছে, গত শনিবার রাতে ওই সাপটি কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের পরিশেষ গ্রামের জনৈক ব্যাক্তির বাড়ির মধ্যে প্রবেশ করেছিল।এরপর বাড়ির লোকজন প্লাষ্টিক জালের মাধ্যমে সাপকে আটকে রাখে।
পরদিন রোববার সকালে বিষয়টি কাহালু উপজেলা বন বিভাগের কর্মকর্তাকে জানানো হলে সকাল ১১ টার দিকে বগুড়া জেলা বন বিভাগের রেসকিউ টিম (উদ্ধারকারী দল) ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে বগুড়ায় নিয়ে যায়।পরে সাপটি জনবসতি থেকে একটি নির্জন স্থানে অবমুক্ত করা হয়েছে বলে জানা যায়। সাপটি উদ্ধার এবং অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা হাসান আল তারিক।
ভারপ্রাপ্ত বন কর্মকর্তা বলেন বন্যপ্রাণি সংরক্ষণ এবং মানুষের নিরাপত্তার স্বার্থে সাপটিকে উদ্ধার করে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে।তবে বন্যপ্রাণি দেখে আতংকিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংবাদ দেয়ার অনুরোধ জানান। এছাড়া বর্ষা বা গরমের দিনে ঝোপঝাড় এবং স্যাঁতসেঁতে স্থানে সাপের উৎপাত কিছুটা বেড়ে যায়। তাই এ সময় গুলোতে নিজেদের সুরক্ষার জন্য সতর্কতার সাথে চলাচল করতে হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172721