গাইবান্ধায় রাম মন্দির নির্মাণে বাধা ও অবমাননার অভিযোগ : ঢাবিতে সনাতন শিক্ষার্থীদের বিক্ষোভ

গাইবান্ধায় রাম মন্দির নির্মাণে বাধা ও অবমাননার অভিযোগ : ঢাবিতে সনাতন শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আলোচিত ‘বৃহত্তম রাম মন্দির নির্মাণকাজে বাধা প্রদান এবং অবমাননার অভিযোগ তুলে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। আজ সোমবার (১৫ জুন) রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, গাইবান্ধায় মন্দির নির্মাণের সময় স্থানীয়ভাবে কিছু ব্যক্তি ও গোষ্ঠী পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে—যা তাদের ভাষায় “অপমানজনক ও অগ্রহণযোগ্য”।

বিক্ষোভকারীরা এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তারা ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় স্থাপনা নির্মাণে রাষ্ট্রীয় সুরক্ষা জোরদারের আহ্বান জানান।

কর্মসূচিতে বক্তারা বলেন, ধর্মীয় সহাবস্থান ও সাংবিধানিক অধিকার রক্ষায় প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। তারা সতর্ক করে বলেন, এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকলে সামাজিক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

উল্লেখ্য, গত ১১ জুন গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত ‘বৃহত্তম রামমূর্তি’ স্থাপন ও নির্মাণের কাজ আপাতত স্থগিত ঘোষণা করে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমিটি। বিপুল পরিমাণ অর্থ ও অর্থের উৎস নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠায় এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172719