গাইবান্ধায় হত্যা মামলার প্রধান আসামি রংপুরে গ্রেফতার

গাইবান্ধায় হত্যা মামলার প্রধান আসামি রংপুরে গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি : গাইবান্ধায় পূর্ব শত্রুতার জেরে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের অভিযানে রংপুরে গ্রেফতার হয়েছে। র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের আভিযানিক দল আজ সোমবার (১৫ জুন) ভোররাতে রংপুর জেলার পীরগঞ্জ  থানার  বড় আলমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাটগ্রাম গ্রামের নিকোলাস সরেনের বাড়িতে অভিযান চালিয়ে জেলার গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ভুতগাড়ী গ্রামের শ্রী প্রভাষ কিসকোকে (৩৫) গ্রেফতার করে।

আজ সোমবার (১৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, ধৃত আসামি প্রভাষ কিসকোর সাথে ভিকটিমের পূর্ব শত্রুতা ছিল। গত ৫ জুন ভিকটিম মমতাজ আলী জুমার নামাজ শেষে রাস্তার পাশে জনৈক সুজার চায়ের দোকানে চা পান করছিলেন। এমন সময় ধৃত আসামি প্রভাষ শত্রুতার জেরে ভিকটিমের পিছন থেকে বাঁশের লাঠি দিয়ে সজোরে মাথায় আঘাত করে গুরুতর জখম করে।

এলাকাবাসী ভিকটিমকে চিকিৎসার জন্য ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ভিকটিম রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুন মারা যান।

এই ঘটনায় ভিকটিমের ছোটভাই মো. আবু সাঈদ বাদি হয়ে গত ১২জুন গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172699