আর্জেন্টিনার শুরুর একাদশ নিয়ে রহস্য, অনুশীলনেও চমক স্কালোনির

আর্জেন্টিনার শুরুর একাদশ নিয়ে রহস্য, অনুশীলনেও চমক স্কালোনির

স্পোর্টস ডেস্ক : আর মাত্র দুই দিন পরেই বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। অথচ এখনও শুরুর একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি কোচ লিওনেল স্কালোনি। শেষ মুহূর্তের অনুশীলনে দুটি ভিন্ন কৌশল পরীক্ষা করে প্রতিপক্ষের জন্য নিজের পরিকল্পনাকে রহস্যই রাখছেন বিশ্বকাপ জীয় এই কোচ।

শনিবারের অনুশীলনে প্রথমে ৪-৪-২ ছকে দল সাজান স্কালোনি। রক্ষণে ছিলেন গনসালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি এবং লিসান্দ্রো মার্টিনেজ। পরে তিনি রক্ষণভাগে পরিবর্তন এনে পাঁচ ডিফেন্ডারের একটি বিকল্প পরিকল্পনাও পরীক্ষা করেন। সবচেয়ে বড় প্রশ্ন এখন আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে। বাঁ প্রান্তের অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো চোটের কারণে অন্তত প্রথম ম্যাচে খেলতে পারবেন না। ফলে লেফট-ব্যাক পজিশনে ফাকুন্দো মেদিনা ও লিসান্দ্রো মার্টিনেজের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়েছে। ডানদিকে আবার নাহুয়েল মোলিনা কিংবা গনসালো মন্টিয়েলের মধ্যে একজনকে বেছে নিতে হবে কোচকে।

অনুশীলনের আরেক অংশে স্কালোনি ৩-৫-২ ফরমেশনও ব্যবহার করেন। সেখানে তিন সেন্টার-ব্যাকের সঙ্গে দুই আক্রমণাত্মক উইং-ব্যাক হিসেবে খেলানো হয় জিওভানি সিমিওনে ও নিকোলাস গনসালেসকে। তবে এই ছকে ম্যাচ শুরু করার সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে। বরং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী এটি হতে পারে বিকল্প পরিকল্পনা। মধ্যমাঠ ও আক্রমণভাগে অবশ্য চিত্র অনেকটাই পরিষ্কার। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো ডি পলকে নিয়ে মাঝমাঠ গড়ার সম্ভাবনাই বেশি। সামনে থাকবেন অধিনায়ক লিওনেল মেসি এবং লাউতারো মার্তিনেজ। চোটের কারণে প্রস্তুতি ম্যাচগুলো মিস করা হুলিয়ান আলভারেসকে টপকে আপাতত এগিয়ে আছেন লাউতারো।

এ ছাড়া আক্রমণাত্মক মিডফিল্ড পজিশনে থিয়াগো আলমাদার খেলার সম্ভাবনাই বেশি। ফলে বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম একাদশ নিয়ে রহস্য এখনও কাটেনি। তবে একটি বিষয় স্পষ্ট-আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে এবং নিজেদের সেরা সমন্বয় খুঁজে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন স্কালোনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172683