তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে বগুড়ায় জব ফেয়ার অনুষ্ঠিত

তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে বগুড়ায় জব ফেয়ার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : জাপান ও কোরিয়ায় উচ্চশিক্ষা, চাকরি এবং স্থায়ী বসবাসের সুযোগ সম্পর্কে তরুণ-তরুণীদের অবহিত করতে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘জব অ্যান্ড এডুকেশন ফেয়ার’। গতকাল রোববার বগুড়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) প্রাঙ্গণে টিএমএসএস এর অঙ্গ প্রতিষ্ঠান টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সির উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে অনলাইন জুম মাধ্যমে যুক্ত ছিলেন জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বর্তমানে লেবার উইংয়ের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মো. জয়নাল আবেদীন, টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, নেটিভ জাপানিজ ইনস্ট্রাক্টর মি. তাবাতা, টিএমএসএস নির্বাহী পরার্মশক ড. মোহাম্মেদ খাইরুল ইসলাম, সেক্টর প্রধান ও সিইও টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সি, ড. নিগার সুলতানা, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি বগুড়ার অধ্যক্ষ প্রকৌশলী এসএম ইমদাদুল হক, সহকারী পরিচালক (বিএমইটি) বগুড়া অমিত সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গুনলনাহার পারভীন। স্বাগত বক্তব্য প্রদান করেন টিএমএসএস ডোমেইন প্রধান, আইইএস-শিক্ষা মোঃ আলমগীর হোসেন। এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, জাপানের স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার প্রোগ্রামের আওতায় কেয়ারগিভিং, ড্রাইভিং ও সিভিল কনস্ট্রাকশন খাতে কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব খাতে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে মেলায় আগতদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।

মেলায় এইচএসসি, ডিপ্লোমা ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা অংশগ্রহণ করেন। জাপান ও কোরিয়ায় পড়াশোনা কিংবা চাকরির মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার গড়ে তুলতে আগ্রহীদের মধ্যে এ মেলা ব্যাপক সাড়া ফেলে। আয়োজকরা বলেন, দেশের যুবসমাজকে বৈশ্বিক শিক্ষা ও শ্রমবাজারের সঙ্গে সম্পৃক্ত করতে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আগ্রহী চাকরি প্রত্যাশীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

মেলায় অংশগ্রহণকারীদের জাপান ও কোরিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, স্কলারশিপ, শিক্ষাজীবন, কর্মসংস্থান এবং ভিসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। পাশাপাশি আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্পট অ্যাডমিশন ও ভিসা সাপোর্ট সুবিধা রাখা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172631