ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

জাতীয় সংসদে জামায়াতের নারী এমপিদের পোশাকের প্রতি ইঙ্গিত করে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর দেওয়া বক্তব্যে প্রতিবাদ জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (১৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির।

এতে বলা হয়, ‘বিএনপি সংসদ মনিরুল হক চৌধুরী কর্তৃক মহান জাতীয় সংসদে হিজাব নিয়ে কটাক্ষ ও দেশব্যাপী অব্যাহত ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। রোববার রাত ১০টায় জিরো পয়েন্টে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এ বিক্ষোভ মিছিলে অংশ নিতে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে রোববার সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যের একপর্যায়ে মনিরুল হক চৌধুরী বিরোধীদলীয় উপনেতার স্ত্রীর প্রসঙ্গ টেনে দুই যুগেরও আগের একটি ঘটনার অবতারণা করেন। তিনি জানান, ২০০১ সালের নির্বাচনের পর ড. খন্দকার মোশাররফ হোসেন সরকারের মন্ত্রী হলে তিনি কুমিল্লার সব এমপিদের সস্ত্রীক নিজ বাসায় আমন্ত্রণ জানান। সেখানে জামায়াতের তৎকালীন এমপি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্ত্রীকে নিয়ে উপস্থিত হন। সেখানেই মনিরুল হক স্ত্রীকে নিয়ে এসেছেন কি না, তা জানতে চান তাহেরের কাছে। তখন তাহের নিজের স্ত্রীকে আঙুল দিয়ে দেখিয়ে দেন। কিন্তু পোশাকের কারণে তার মুখ দেখা যাচ্ছিল না।

সংসদে মনিরুল হক চৌধুরী বলেন, “সেদিন কয়েকজন বউ (স্ত্রী) নিয়ে যাননি। কিন্তু তাহের ভাই বউ নিয়ে গেছেন। ঢোকার পর দেখি, একটা কিছু হাঁটতেছে। আমি তখন তাহের ভাইকে বললাম ‘ভাবী কৈ’? (হাত দিয়ে দেখিয়ে) উনি বললেন ‘ওই যে’। আমি বললাম- ‘(যেহেতু মুখ দেখা যাচ্ছে না) আপনি যে বদলিয়ে আনেননি কেমনে বুঝব?”

এসময় তিনি সংসদে জামায়াতের নারী এমপিদের দিকে ইঙ্গিত করে বলেন, ‘আমাদের হাউজেও আমাদের বোনেরা এসেছেন এমপি হয়ে, আপনি (স্পিকার) অভিনন্দন জানিয়েছেন, আমিও অভিনন্দন জানাতে চাই। উনারা মেধাবী, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো, কারা আপনারা?’

এসময় তিনি নিজ দলের নারী এমপিদের দিকে দেখিয়ে বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘আপনারা এদিকে দেখতে পারেন। আমরা ওইদিকে তাকালে কী আছে বুঝব না, এটি ঠিক না তো।’

এসময় জামায়াতের এমপিরা এমন বক্তব্যের প্রতিবাদ জানান। পরে ডেপুটি স্পিকার বক্তব্যের ওই অংশটুকু এক্সপাঞ্জ করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172630