ঠাকুরগাঁওয়ে ২ জনের আত্মহনন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও সদর থানা এলাকায় গতকাল শনিবার রাত থেকে আজ রোববার (১৪ জুন) সকালের মধ্যে দুইজনের আত্মহননের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একজন দীর্ঘদিনের মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং অপরজন মোবাইল ফোন কেড়ে নেওয়ায় পরিবারের ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ দু’টি উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সদর থানা এলাকায় মোবাইল ফোন কেড়ে নেওয়ায় পরিবারের ওপর অভিমান করে মোছা. ফরিদা ইয়াসমিন (৪৫) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি দিনাজপুর কোতয়ালী থানার সুন্দরা বোয়ালমারী গ্রামের মো. আশরাফ আলীর স্ত্রী।
অপরদিকে রুহিয়া থানার ঘনি বিষ্ণুপুর (চেয়ারম্যান পাড়া) গ্রামে মানসিক অসুস্থতার কারণে সাজু ইসলাম (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের মো. ওমর আলীর ছেলে। গতকাল শনিবার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়।
একইদিন খাওয়া-দাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। এসময় দিবগত রাতে সাজু ইসলাম রান্নাঘরের বাঁশের তীরের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172615