পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রুবেল মিয়া (২৬) নামে এক সৌদি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 
আজ রোববার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর-মঠখোলা সড়কের মির্জাপুর শ্মশানঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত রুবেল মিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে ছুটিতে দেশে আসেন রুবেল। রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মোটরসাইকেলে করে অন্য এক প্রবাসী বন্ধু রুবেলকে সঙ্গে নিয়ে বাহাদিয়া থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কে পড়ে যান তিনি। এ সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
 
দুর্ঘটনায় রুবেলের মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
 
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172582