ব্রাজিলের হলুদ জার্সিতে ছেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ব্রাজিলের হলুদ জার্সিতে ছেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি প্রতিনিধি:ফুটবল বিশ্বকাপের  ব্রাজিল ও মরক্কোর মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। 

আজ শনিবার গভীর রাত থেকেই টিএসসি, রাজু ভাস্কর্য ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন ব্রাজিল সমর্থকেরা। হলুদ-সবুজ জার্সি, জাতীয় পতাকা ও প্রিয় দলের নানা প্রতীক নিয়ে তারা অংশ নেন ফুটবল উৎসবে।

ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও আবাসিক এলাকা থেকে শিক্ষার্থীরা টিএসসিতে আসতে শুরু করেন। অনেকেই বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে খেলা দেখতে আসেন। কেউ মুখে ব্রাজিলের পতাকা এঁকে, কেউবা বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি হাতে নিয়ে ছবি তুলতে ব্যস্ত ছিলেন।

সমর্থকদের স্লোগান, বাঁশির শব্দ ও প্রিয় দলের জয়গান ঘিরে পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত। ব্রাজিলের পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস এবং এবার ষষ্ঠ শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক আলোচনা। অন্যদিকে মরক্কোর সাম্প্রতিক সাফল্যের কথাও উঠে আসে ফুটবলপ্রেমীদের আড্ডায়। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, “ব্রাজিলের খেলা মানেই আলাদা আবেগ। বন্ধুদের সঙ্গে টিএসসিতে এসে খেলা দেখার আনন্দই অন্যরকম।”

আরেক শিক্ষার্থী তানজিলা আক্তার বলেন, “বিশ্বকাপ এলেই ক্যাম্পাসে অন্যরকম প্রাণ ফিরে আসে। আমরা সবাই একসঙ্গে খেলা উপভোগ করতে এসেছি।”

খেলা ঘিরে চা-স্টল ও খাবারের দোকানগুলোতেও ছিল বাড়তি ভিড়। বিক্রেতারা জানান, সাধারণ দিনের তুলনায় রাতের বেলায় ক্রেতার সংখ্যা কয়েকগুণ বেড়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172523