‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়ার কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার ঢাকায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (ডিকেআইবি) এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এ পরিকল্পনার কথা তুলে ধরেন।
ডিকেআইবির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে মন্ত্রী বলেন, দেশের অর্থনীতির সবচেয়ে সম্ভাবনাময় খাত হলো কৃষি। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে কৃষি খাতে উল্লেখযোগ্য সাফল্য এলেও সাম্প্রতিক বছরগুলোতে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। কৃষকদের সম্মান ও প্রণোদনা বাড়ানোটা সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি।
নিজের বেড়ে ওঠার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তিনি কৃষক পরিবারের সন্তান এবং কৃষকদের জীবনসংগ্রাম খুব কাছ থেকে দেখেছেন। কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে কৃষি খাত নিয়ে সরাসরি কাজ করার অভিজ্ঞতার কথাও স্মরণ করেন তিনি।
ডিপ্লোমা কৃষিবিদদের উদ্দেশে মন্ত্রী বলেন, কৃষি ও গ্রামীণ উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি জানান, তারেক রহমান কৃষি ও জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু এবং খাল খননের মতো কর্মসূচি সফল করতে মাঠপর্যায়ে ডিপ্লোমা কৃষিবিদদের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
স্বল্প বেতনে কর্মরত ডিপ্লোমা কৃষিবিদদের জীবনযাত্রার বাস্তবতা বিবেচনায় নিয়ে তাদের নিজ নিজ জেলায় পদায়নের ব্যবস্থারও প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172519