ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ শিবির নেতার বিরুদ্ধে : ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
ঢাবি প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ওই নেতার নাম জিসান মিয়া। তিনি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সংগঠনটির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি।
শনিবার (১৩ জুন) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে মিছিলটি শুরু হয়।মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ও মহানগর শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত শিবির নেতা দীর্ঘদিন ধরে নারী নির্যাতন ও অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলেও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা বলেন, নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
বক্তারা আরও বলেন, কোনো শিক্ষার্থী বা রাজনৈতিক কর্মী যদি ধর্ষণ, যৌন হয়রানি কিংবা নারীর প্রতি সহিংসতার মতো অপরাধে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এ ধরনের ঘটনায় নীরবতা বা পক্ষপাতিত্ব সমাজে বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করে বলেও মন্তব্য করেন তারা।
ছাত্রদল নেতারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে নেতাকর্মীরা নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য প্রেমের সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হওয়ার পর জিসান ওই নারীকে ভ্রূণ নষ্ট করার জন্য চাপ দেন এবং একপর্যায়ে ওষুধ সেবনের মাধ্যমে গর্ভপাত ঘটানো হয়। পরে ওই তরুণী জিসানকে বিয়ের জন্য চাপ দিলে তিনি ১২ জুন বিয়ে করবেন বলে সম্মতি দেন। তবে বিয়ে এড়াতে ১১ জুন রাতেই তিনি নাটক সাজিয়ে আত্মগোপনে চলে যান বলে পুলিশের দাবি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172502