বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান উপজেলা করার চিন্তা করা হচ্ছে
শিবগঞ্জ/মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, শিবগঞ্জ উপজেলা নাম পরিবর্তন করে মহাস্থান উপজেলা করার চিন্তা করা হচ্ছে। অপরদিকে মোকামতলা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এক সমাবেশে মোকামতলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করা হবে বলে তিনি জানান।
বিএনপি সরকারের ঘোষিত প্রথম জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। গত শুক্রবার বিকেলে শিবগঞ্জ উপজেলায় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার ইতিহাসে দেশের মানুষ এত গণমুখী, জনকল্যাণমুখী ও বাস্তবধর্মী বাজেট আর কখনও দেখেনি। এই বাজেট কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর জন্য নয়, এটি দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়েই প্রণয়ন করা হয়েছে। কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, উদ্যোক্তা, ব্যবসায়ীসমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে এ বাজেটে। তিনি আরও বলেন, বিএনপি সরকার শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যখাতে অতীতের তুলনায় প্রায় তিনগুণ বরাদ্দ রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে উন্নত চিকিৎসাসেবা পেতে পারে। প্রতিমন্ত্রী আরও বলেন, এই বাজেট শুধু একটি অর্থনৈতিক পরিকল্পনা নয়, এটি একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার রূপরেখা। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, মহাস্থানগড় একটি ঐতিহাসিক নাম, সারা বিশ্বের সাথে এই নামের পরিচয় আছে তাই শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান উপজেলা করার চিন্তা করা হচ্ছে।
এর আগে প্রতিমন্ত্রী কিচক ইউনিয়নে মীর শাহে আলম কলেজের নির্ধারিত জায়গা পরিদর্শন, উপজেলা কৃষি অফিসের আয়োজনে চারা গাছ বিতরণ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে নতুন উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহীন, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, অধ্যাপক নজরুল ইসলাম, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, বিএনপি নেতা বুলবুল ইসলাম,আব্দুল করিম প্রমুখ।
অপরদিকে সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে যুগান্তকারী গণমুখী প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এক সমাবেশে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধান অতিথির বক্তব্য রাখেন। গত শুক্রবার রাতে স্থানীয় বাসস্ট্যান্ডে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সৈয়দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মাহমুদ হোসেন তৌফিক। এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, নবগঠিত মোকামতলা উপজেলার অন্তর্ভুক্ত সৈয়দপুর, দেউলী ও ময়দানহাট্টা ইউনিয়নকে ভাগ করে নতুন আরো তিনটি ইউনিয়ন পরিষদ করা হবে। এছাড়া মোকামতলা বন্দরে অবস্থিত মোকামতলা উচ্চ বিদ্যালয়, মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয় এবং মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ ও মীর শাহে আলম আব্দুস সাত্তার মহাবিদ্যালয়কে জাতীয়করণ করা হবে এবং মোকামতলা পৌরসভা ও শিবগঞ্জ উপজেলা নাম পরিবর্তন করে মহাস্থান নামকরণ হবে। র্যালির আগে ওই সমাবেশে আরো বক্তব্য রাখেন-ময়দানহাট্টা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মাহবুব হোসেন মানিক, মোকামতলা ইউনিয়ন বিএনপি নেতা নূরে আলম মামুন তালুকদার, রোকন-উদ-দৌল্লা রুবেল, আব্দুস সালাম প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172499