দিনাজপুরের বিরামপুর হাসপাতালে ফিল্মের অভাবে এক্স-রে বন্ধ

দিনাজপুরের বিরামপুর হাসপাতালে ফিল্মের অভাবে এক্স-রে বন্ধ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালে ফিল্মের অভাবে তিন সপ্তাহ ধরে এক্স-রে সেবা বন্ধ রয়েছে। এতে সেবা নিতে আসা রোগীরা বিপাকে পড়েছেন। 

হাসপাতাল সূত্রে জানা যায়, গত অর্থবছরে হাসপাতালে সরকারিভাবে ৬শ’ এক্স-রে ফিল্ম বরাদ্দ মিলেছে। বিরামপুর উপজেলাটি পার্শ্ববর্তী নবাবগঞ্জ, হাকিমপুর ও ফুলবাড়ি উপজেলার মধ্যবর্তী হওয়ায় ওই সকল উপজেলার রোগীরাও বিরামপুর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। রোগী বৃদ্ধির কারণে কয়েক মাসের মধ্যেই বরাদ্দকৃত ফিল্ম শেষ হয়ে যায়। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে ও বিভিন্ন উৎস থেকে ৭শ’ এবং পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে আরও ২শ’ ফিল্ম সংগ্রহ করা হয়। ইতোমধ্যে সেই ফিল্মও শেষ হয়ে যাওয়ায় গত তিন সপ্তাহ ধরে এই হাসপাতালে এক্স-রে সেবা বন্ধ রয়েছে। 

রোগীরা জানান, হাসপাতালে প্রতিটি এক্স-রে ১৫০ থেকে ২শ’ টাকায় করা সম্ভব হলেও বেসরকারি পর্যায়ে ৭-৮শ’ টাকা হারে দিতে হয়। পৌর এলাকার কৃষ্টচাঁদপুর গ্রামের অছিমদ্দিন বলেন, তার চিকিৎসার জন্য হাসপাতালের ডাক্তার এক্স-রে দিয়েছেন। কিন্তু হাসপাতালে এক্স-রে বন্ধ থাকায় তিনি বিপাকে পড়েছেন। দরিদ্র কৃষক হওয়ায় বাইরে থেকেও এক্স-রে করাতে পারছেন না। এতে তার চিকিৎসা থমকে আছে। 

বিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ বলেন, তিন সপ্তাহ আগে ফিল্ম শেষ হয়ে যাওয়ায় হাসপাতালে এক্স-রে সেবা বন্ধ রয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে ফিল্ম না আসা পর্যন্ত রোগীদের এক্সরে সেবা দেওয়া সম্ভব হবেনা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172471