চীন সফর শেষে দেশে ফিরলেন ডেপুটি স্পিকার ও সংসদীয় প্রতিনিধি দল

চীন সফর শেষে দেশে ফিরলেন ডেপুটি স্পিকার ও সংসদীয় প্রতিনিধি দল

চার দিনের সরকারি সফর শেষে শনিবার (১৩ জুন) দুপুর ২টায় ঢাকায় ফিরেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বাধীন চার সদস্যের সংসদীয় দল।

চীনের ইউনান প্রদেশের ভাইস গভর্নর ইয়ুয়ান ফাং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে আজ চীনের কুনমিং বিমানবন্দরে ভিআইপি প্রটোকলে বিদায় জানান। কুনমিংয়ের স্থানীয় সময় দুপুর ১২ টা ২৫ মিনিটে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স যোগে ঢাকার উদ্দেশে যাত্রা করে সংসদীয় দল।

চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে ১১ জুন কুনমিংয়ে আয়োজিত সপ্তম চায়না-সাউথ এশিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
 
এবারের দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে থিম কান্ট্রি বাংলাদেশের দেশীয় পণ্য নিয়ে ৮৪টি প্যাভিলয়ন অংশ নিচ্ছে। ১৬ জুন পর্যন্ত চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে চলমান এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পৃথিবীর ৬৮টি দেশ অংশ নিয়েছে।

সফরে ডেপুটি স্পিকার চীনের পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান হি ওয়াই, চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সেক্রেটারি ওয়াং নিং এবং ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইয়োবোর সাথে একান্ত বৈঠক করেন।

দ্বিপক্ষীয় বৈঠকে ডেপুটি স্পিকার কুনমিং-চট্টগ্রাম সরাসরি সংযোগ সড়ক নির্মাণের প্রস্তাব দেন ও তিস্তা ব্যারেজ নির্মানে চীনা সহযোগিতা অব্যাহত রাখাসহ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, ইকোনমিক জোন, পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান সহযোগিতার আহ্বান জানান। 

এ সময় তিনি চলতি মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফরের বিষয়টিও তুলে ধরেন। চীনা প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172468