বিশ্বকাপে মাঠে নামার আগে নেইমারের বার্তা

বিশ্বকাপে মাঠে নামার আগে নেইমারের বার্তা

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে পারছেন না নেইমার-এমন গুঞ্জন আগে থেকেই ছিল। শেষমেশ নেইমারকে না পাওয়ার বিষয়টি একপ্রকার নিশ্চিত করে দিলেন সেলেসাওদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। পাঁচবারের চ্যাম্পিয়নদের উদ্বোধনী ম্যাচে ‘দর্শক’ হিসেবেই থাকবেন ব্রাজিলিয়ান সুপারস্টার। 

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিশেষ বার্তা দিলেন নেইমার। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জাতীয় দলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে এই তারকা লিখেছেন, ‘যে কোনো চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত।’

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় গ্রুপ ‘সি’-এর ম্যাচে মরক্কোর মুখোমুখি হচ্ছে ব্রাজিল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের চোটের সর্বশেষ অবস্থা নিয়ে বিস্তারিত কথা বলেছেন কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সাবেক এই বস আশা করছেন, আগামী সপ্তাহেই পুরোদমে দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন নেইমার। আনচেলত্তি বলছেন, ‘নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। সে আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে ফিরবে বলে আশা করা হচ্ছে।’ একইসঙ্গে সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকাকে দলে নেওয়ার কারণও পুনরায় ব্যাখ্যা করেছেন ব্রাজিল কোচ, ‘নেইমারকে আমরা শুধু তার ফুটবল প্রতিভার জন্য দলে নিইনি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তার অভিজ্ঞতার কারণেও ডেকেছি। সে আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা এবং উদাহরণ হতে পারে।’

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড অবশ্য বিশ্বকাপের স্কোয়াডেই যুক্ত হয়েছেন চোটের সংবাদ নিয়ে। তবে তখন কেবল হালকা ফোলাভাবের কথা জানিয়েছিল নেইমারের ক্লাব সান্তোস। পরে জানা যায়, তার পায়ের কাফের পেশি ছিঁড়ে গেছে। তা থেকে সেরে উঠতে নিয়মিত কাজ করছেন নেইমার। কিন্তু অনুশীলতে যোগ না দেওয়া প্রথম ম্যাচ খেলার অনিশ্চয়তা ছিল। সেটাই সত্যি হতে যাচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172443