ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়
দেশে ধেয়ে আসছে একটি শক্তিশালী বৃষ্টিবলয়, যা আগামী ১৮ জুন থেকে অন্তত ১২ দিন সক্রিয় থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। আজ শনিবার (১৩ জুন) সংস্থাটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, বছরের প্রথম বর্ষাকালীন এই বৃষ্টিবলয় ১৮ থেকে ১৯ জুনের মধ্যে সক্রিয় হতে পারে এবং পর্যায়ক্রমে ২৯ থেকে ৩০ জুন পর্যন্ত এর প্রভাব থাকতে পারে। এই বৃষ্টিবলয়ের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিডব্লিউওটি আরও জানায়, এটি বর্ষাকালীন বৃষ্টিবলয় হওয়ায় ঝড় ও বজ্রপাত তুলনামূলকভাবে কম থাকতে পারে। তবে স্বাভাবিক দমকা হাওয়া ও বাতাসের পরিবর্তনশীল প্যাটার্নের কারণে কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে বজ্রপাত হতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172416