বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন কলম্বিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী শাকিরা। তবে এবার তার গান বা মঞ্চ মাতানো পরিবেশনার চেয়ে বেশি আলোচনায় এসেছে ভিন্ন এক বিষয়—অনেক দর্শকের মনে প্রশ্ন উঠেছে, মঞ্চে যাকে দেখা গেছে তিনি কি সত্যিই শাকিরা ছিলেন?
২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে নাইজেরিয়ার তারকা শিল্পী বার্না বয়ের সঙ্গে অফিসিয়াল গান ‘দাই দাই’ পরিবেশন করেন শাকিরা। বহুল প্রতীক্ষিত এই পরিবেশনার সময় থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
অনেক দর্শকের দাবি, পারফরম্যান্সের সময় শাকিরাকে স্বাভাবিকের তুলনায় কিছুটা ভিন্ন দেখাচ্ছিল। বিশেষ করে অনুষ্ঠানজুড়ে দীর্ঘ সময় কালো চশমা পরে থাকায় সন্দেহ আরও বাড়ে। কেউ কেউ তার নাচের ভঙ্গি, চলাফেরা ও শারীরিক গঠনেও পার্থক্য খুঁজে পেয়েছেন বলে মন্তব্য করেন।
পারফরম্যান্স শেষ হওয়ার পর বিষয়টি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় মিম, ট্রল ও নানা ধরনের আলোচনা। অনেকেই দাবি করতে থাকেন, মঞ্চে আসল শাকিরার বদলে তার মতো দেখতে অন্য কেউ পারফর্ম করেছেন।
এই গুঞ্জনের পেছনে আরও একটি কারণ রয়েছে। লাতিন আমেরিকায় ‘শাকিবেক্কা’ নামে পরিচিত এক ভেনেজুয়েলান অনুকরণশিল্পী আছেন, যার চেহারা ও উপস্থিতি শাকিরার সঙ্গে বিস্ময়করভাবে মিলে যায়। অতীতেও বহুবার মানুষ তাকে আসল শাকিরা ভেবে ভুল করেছেন।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত শাকিরা কিংবা বিশ্বকাপ আয়োজকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে এটি আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172395