পাবনার সুজানগরে মোটরসাইকেল চুরি থামছে না

পাবনার সুজানগরে মোটরসাইকেল চুরি থামছে না

সুজানগর (পাবনা) প্রতিনিধি : সুজানগরে মাঝে মধ্যেই মোটরসাইকেল চুরি হচ্ছে। থানা পুলিশ মোটরসাইকেল চুরি বন্ধে অভিযান চালালেও চুরি থামছে না। গত ২/৩ মাসের ব্যবধানে হাট-বাজার এবং বাসা-বাড়ি থেকে অন্তত ১০টি মোটরসাইকেল চুরি হয়েছে।

জানা যায়, উপজেলায় একটি সঙ্গবদ্ধ মোটরসাইকেল চোর চক্র রয়েছে। এসব চোর সুযোগ বুঝে কখনও অফিস-আদালত চত্বর, হাট-বাজার, আবার কখনও রাতে বাসা-বাড়ি থেকে মোটরসাইকেল চুরি করে সটকে পড়ে।

ভুক্তভোগীরা জানান, সঙ্গবদ্ধ চোরের দল উন্নত প্রযুক্তির মাধ্যমে মোটরসাইকেলের তালা ভেঙে চুরি করে থাকে। এছাড়া চোরের দল রাতে বাসা-বাড়িতে রাখা মোটরসাইকেল অভিনব কায়দায় চুরি করে সটকে পড়ে।
পৌর বাজারের ব্যবসায়ী মিনু মন্ডল জানান, চোরের দল সম্প্রতি তার বাসা-বাড়ির পাশ থেকে একটি মোটরসাইকেল অভিনব কায়দায় চুরি করে নিয়ে গেছে।

এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। তবে মোটরসাইকেল উদ্ধার হয়নি। শুধু তাই না সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্ত করার পরও অজ্ঞাত কারণে চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয় না বলে ভুক্তভোগীরা জানান।

সুজানগর থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন বলেন, আমার কার্যকালে মোটরসাইকেল চুরি সংকান্ত কোন মামলা হয়নি। মামলা হলে অবশ্যই থানা পুলিশ চোর গ্রেফতারসহ মোটরসাইকেল উদ্ধারে কার্যকর ভূমিকা পালন করবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172382