উদ্বোধনী আসর মাতালেও শাকিরাকে নিয়ে বিতর্ক থামছে না

উদ্বোধনী আসর মাতালেও শাকিরাকে নিয়ে বিতর্ক থামছে না

বিনোদন ডেস্ক : বিশ্বকাপ ফুটবল আর কলম্বিয়ান পপ কুইন শাকিরা এ যেন এক অবিচ্ছেদ্য সমীকরণ। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে বসেছিল ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আসর।

আর সেই জমকালো মঞ্চে নাইজেরিয়ান সেনসেশন বার্না বয়কে সঙ্গে নিয়ে অফিশিয়াল অ্যান্থেম গেয়ে পুরো গ্যালারি মাতিয়েছেন শাকিরা। তবে কেবল মঞ্চের পারফরম্যান্সই নয়, মাঠের বাইরের এক চটুল কাণ্ড আর তাকে ঘিরে তৈরি হওয়া এক রহস্যময় বিতর্কে এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে এই গায়িকা।

উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরা ও বার্না বয় তাদের অফিশিয়াল ট্র্যাক 'দাই দাই' পরিবেশন করেন। তবে পারফরম্যান্স শেষে ব্যাকস্টেজের একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ ভাইরাল। ভাইরাল ভিডিওতে দেখা যায়, পারফরম্যান্স শেষ হওয়ার পর শাকিরা ও তার নাচের দলকে যখন মাঠ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছিল, ঠিক তখনই সব প্রটোকল বা নিয়ম ভেঙে নিজের ভাই আন্তোনিও মেবারাকের সঙ্গে আচমকা নাচতে শুরু করেন শাকিরা। 

নিরাপত্তারক্ষীরা বারবার তাদের চলে যেতে বললেও, দুই ভাই-বোন যেন নিজেদের আনন্দের মাঝেই বুঁদ হয়ে ছিলেন। প্রিয় তারকার এমন স্বতঃস্ফূর্ত রূপ দেখে এক ভক্ত লিখেছেন, ‘বারানকিলার দুই সন্তান আসতেকার মাঠে নাচ উপভোগ করছেন.. এটাই খাঁটি শাকিরা।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘হা হা হা, আমি তাকে ভালোবাসি! তিনি সবসময় নিজের মতো।’ 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172299