ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে : এবি পার্টি

ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে : এবি পার্টি

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ঘাটতি ও ঋণনির্ভর আখ্যা দিয়ে এর সমালোচনা করেছে এবি পার্টি। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে দাবি করেন, এই বাজেট দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট কাটানোর পরিবর্তে নতুন ঝুঁকি ও অনিশ্চয়তা তৈরি করবে।

নেতৃদ্বয় বলেন, প্রায় আড়াই লাখ কোটি টাকার ঘাটতি নিয়ে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট বাস্তবতার তুলনায় অতিরিক্ত উচ্চাভিলাষী। তাদের মতে, জনগণের প্রকৃত চাহিদা ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় না নিয়ে একটি গতানুগতিক ও ঋণনির্ভর বাজেট উপস্থাপন করা হয়েছে।

বিবৃতিতে তারা অভিযোগ করেন, কর্মসংস্থান সৃষ্টি, দেশীয়-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, বৈষম্য কমানো এবং দুর্নীতি দমনে কার্যকর কোনো কর্মপরিকল্পনা বাজেটে নেই। বরং কর বৃদ্ধি ও ঋণের ওপর নির্ভরশীলতা বাড়িয়ে অর্থনীতিকে আরও চাপের মুখে ফেলা হয়েছে।

এবি পার্টির মতে, প্রত্যক্ষ ও পরোক্ষ করের চাপ বাড়লে মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে, নিত্যপণ্যের দাম বাড়বে এবং মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি অতিরিক্ত সরকারি ঋণ গ্রহণ বেসরকারি বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নেতারা আরও বলেন, রাজস্ব ও উন্নয়ন ব্যয়ের অপচয় কমানো, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অপ্রয়োজনীয় ব্যয় সংকোচনের বিষয়ে বাজেটে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল বলেও তারা উল্লেখ করেন।

বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে এবি পার্টি উৎপাদনমুখী বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি দমন, ব্যয়সংকোচন এবং সামাজিক নিরাপত্তা জোরদারের মাধ্যমে বাজেট পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172287