জমকালো আয়োজনে পর্দা উঠলো ফুটবল বিশ্বকাপের

জমকালো আয়োজনে পর্দা উঠলো ফুটবল বিশ্বকাপের

স্পোর্টস ডেস্ক : সংগীত, নৃত্য আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে শুরু হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের যাত্রা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বজুড়ে কোটি ফুটবলপ্রেমীর নজর ছিল মেক্সিকো সিটিতে।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বিশ্বসংগীত তারকা শাকিরা ও বার্না বয়। তারা পরিবেশন করেন বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’। এছাড়া আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন ও ইজেএ যৌথভাবে পরিবেশন করেন আরেকটি অফিসিয়াল সংগীত ‘ডিএনএ’।

মেক্সিকোর সংস্কৃতি তুলে ধরতে মঞ্চে ছিলেন রক ব্যান্ড মানা, পপ তারকা বেলিন্ডা, লোকসংগীতশিল্পী লিলা ডাউনস, লোস অ্যাঞ্জেলেস আজুলিস এবং কিংবদন্তি মারিয়াচি শিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেজ। এছাড়া ড্যানি ওশেন, জে বালভিন ও রায়ান কাস্ত্রোর পরিবেশনায় গ্যালারিতে ছড়িয়ে পড়ে বাড়তি উন্মাদনা।

শুধু মেক্সিকোতেই নয়, সহ-আয়োজক কানাডা ও যুক্তরাষ্ট্রেও থাকছে পৃথক উদ্বোধনী আয়োজন। শুক্রবার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হবে কানাডার উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, অ্যালেসিয়া কারা, জেসি রেয়েজ, এলিয়ানা, নোরা ফাতেহি এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়।

আর ১৩ জুন লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে হবে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে মঞ্চ মাতাবেন ক্যাটি পেরি, লিসা, ফিউচার, আনিতা ও আরও কয়েকজন আন্তর্জাতিক তারকা।

বিশ্বকাপের তিনটি উদ্বোধনী অনুষ্ঠানেই আয়োজক দেশগুলোর সংস্কৃতি, ঐতিহ্য ও বিনোদনের বৈচিত্র্য তুলে ধরা হবে। পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে থাকবে ফুটবল বিশ্বকাপ ট্রফি এবং বিশ্ব ফুটবলের ঐক্যের বার্তা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172279