দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর জেলা প্রতিনিধি: সারাদেশের মতো বিশ্বকাপ উন্মাদনার ছোঁয়া লেগেছে দিনাজপুরেও। এ উপলক্ষে জেলা শহরে বৃষ্টি উপেক্ষা করে আনন্দ শোভাযাত্রা করেছে ফুটবল ভক্তরা। আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টায় গোর-এ-শহীদ বড়মাঠ সিএন্ডবি মোড় থেকে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী সমর্থকদের গায়ে ছিল ব্রাজিলের জার্সি, পতাকা, ব্যানার ও ফেস্টুন।

শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থক রাশেদ জানান, আমি ছোট থেকেই ব্রাজিলের ভক্ত। এ দলটি প্রতিবারই আমাদের নান্দনিক খেলা উপহার দেয়। আশা করছি এবার হেক্সা জয় করবে। ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক মো. রুবেল ইসলাম জানান, অন্যান্যবারের মতো এবারও ব্রাজিল ভাল খেলবে ও বিশ্বকাপ জয় করবে।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহবায়ক জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুজার সেতুসহ বিপুলসংখ্যক ফুটবল ভক্ত।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172257