নাটোরের গুরুদাসপুরে শয়নঘরে মিলল বৃদ্ধার রক্তাক্ত মরদেহ

নাটোরের গুরুদাসপুরে শয়নঘরে মিলল বৃদ্ধার রক্তাক্ত মরদেহ

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলায় জাহেরা বেগম (৭০) নামে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দিনগত রাত ১০টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু গ্রামে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাহেরা বেগম মৃত আবুল হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির শয়নকক্ষের মেঝেতে জাহেরা বেগমের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের ছেলে জাকের আলী দাবি করেন, তার স্ত্রী ফরিদা বেগমের চিকিৎসার জন্য এলাকার কয়েকজনের কাছ থেকে সুদের ওপর প্রায় তিন লাখ টাকা ধার নেওয়া হয়েছিল। ওই টাকা আদায়কে কেন্দ্র করে তারা দীর্ঘদিন ধরে চাপ ও হুমকি দিয়ে আসছিলেন।

তিনি এ ঘটনার সঙ্গে ওই ব্যক্তিদের সম্পৃক্ততার সন্দেহ প্রকাশ করেন। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ব্যাপার মামলার প্রস্তুতি চলছিল।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172255