বগুড়ায় জমে উঠেছে জার্সি বেচা-কেনা, চাহিদার শীর্ষে আর্জেন্টিনা-ব্রাজিল

বগুড়ায় জমে উঠেছে জার্সি বেচা-কেনা, চাহিদার শীর্ষে আর্জেন্টিনা-ব্রাজিল

স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফুটবল উন্মাদনা শুরু হয়েছে। সেই উন্মাদনায় এগিয়ে বগুড়াও। পথে-ঘাটে অনেকের গায়েই উঠছে ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি। গ্রাম-গঞ্জ,পাড়া-মহল্লায়ও বিক্রি হচ্ছে বিভিন্ন দেশের ফুটবল দলের জার্সি। বগুড়া মহানগরের স্পোর্টস সামগ্রীর দোকানগুলোতে ভিড় বাড়ছে। ফুটবল ভক্তরা হুমড়ি খেয়ে পড়ছেন দোকান গুলোতে। তাদের আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি চাই-ই-চাই। সবচেয়ে বেশি জার্সি বিক্রি হচ্ছে আর্জেন্টিনার।

এরপরই চাহিদা ব্রাজিলের জার্সির। শুধু স্পোর্টস সামগ্রীর দোকানই নয়, ফুটপাতেও চলছে জমজমাট জার্সি বেচাকেনা। এছাড়া অনলাইনে বিক্রি হচ্ছে বিভিন্ন দেশের জার্সি। আজ বৃহস্পতিবার (১১ জুন) বগুড়া মহানগরীর কবি নজরুল ইসলাম সড়কে ছহির উদ্দিন মার্কেটসহ বিভিন্নস্থানে বিভিন্ন স্পোটর্স এর দোকানে  খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।

বগুড়া ছহির উদ্দিন মার্কেটের লাকি স্টোরের ম্যানেজার মো: ইকবাল হোসেন সোহেল বলেন, আর্জেটিনা ও ব্রাজিলের জার্সির চাহিদা ব্যাপক। এরমধ্যে চাহিদার দিক দিয়ে শীর্ষে আর্জেন্টিনার জার্সি। এছাড়াও কেউ কেউ ফ্রান্স, জার্মানি, স্পেন, সৌদি আরব, ইরান, পর্তুগাল, মরক্কোর জার্সিও খুঁজছেন। তিনি বলেন, ৪শ’ ৫শ’ ৮শ’ টাকা মূল্যে জার্সি বিক্রি করা হচ্ছে।

এছাড়া মান সম্পন্ন জার্সি  ১২শ’ ও ১৫শ’ টাকার মধ্যেও পাওয়া যাচ্ছে। তিনি বলেন, গত বিশ্বকাপের চেয়ে এবার বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি বেশি বিক্রি হচ্ছে। জার্সির দোকান গুলোতে প্রচন্ড ভিড় বাড়ছে।

একই মার্কেটের করতোয়া স্পোটর্স দোকানের সত্বাধিকারী হিমেল বলেন, তার দোকানে সমান তালে বিক্রি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি ও পতাকা। তার দোকানে বাচ্চাদেরও জার্সি রয়েছে। তার কাছে ৩শ’ টাকা থেকে ১০০০ টাকা দামেরও জার্সি রয়েছে। এমনকি ১৫০ টাকা দামেরও জার্সি আছে।

তিনি বলেন তার দোকানে পতাকাও বিক্রি হচ্ছে। তার দোকানে দেশি ও চায়নার কাপড়ের তৈরি পতাকা পাওয়া যায়।  সেলাইবিহীন ৫ ফুট চায়না পতাকা ২৫০ টাকা ও ১০ ফুট পতাকা ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ১৫ ফুট চায়নার তৈরি পতাকাও পাওয়া যায়।

তিনি বলেন, সবচেয়ে চাহিদা আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি ও পতাকার। বগুড়া নিউ মার্কেটের দর্জি হেলাল উদ্দিন বলেন, তারা আর পতাকা বানানোর অর্ডার নিতে পারছেন না। ফুটবল ভক্তরা তাদের দোকানে পতাকা বানানোর অর্ডার দিতে আসছেন। কিন্ত তারা আর চাপ নিতে পারছেন না।

প্রায় সবার চাহিদা আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার। তারা সাধ্যমত পতাকা বানিয়ে দিচ্ছেন। ৫ ফুট, ১০ ফুট, ৪০ ফুট, ৫০ ফুট এমনকি ১০০ ফুট পতাকাও বানিয়ে দিচ্ছেন। ৫ ফুট পতাকার দাম ২০০ টাকা, ১০ ফুট আর্জেন্টিনার পতাকা তৈরিতে ৬৫০ টাকা, ব্রাজিলের একই মাপের পতাকা ৭০০ টাকা করে নেয়া হচ্ছে।

ছহির উদ্দিন মার্কেটে জার্সি কিনতে আসা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ছাত্রী সুমাইয়া রশিদ কথা বলেন, তিনি আর্জেন্টিনার ভক্ত। মেসিকে ভালোবাসেন। তাই মেসির ১০ নম্বর জার্সি কিনতে এসেছেন। তিনি বলেন এবারও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে।

এদিকে এই সময় একই দোকানে জার্সি কিনতে আসা কলেজ ছাত্র বায়েজিদ হাসান বলেন, তিনি ব্রাজিলের ফ্যান। নেইমারের খেলা তার খুব পছন্দ। তিনি নেইমারের ১০ নম্বর জার্সি কিনবেন। ব্রাজিলই এবার চ্যাম্পিয়ন হবে বলে মনে করেন তিনি।

অপরদিকে, বগুড়া মহানগরীর ফুটপাতে ১৫০ ও ২০০ টাকায় জার্সি পাওয়া যাচ্ছে। রিকশাভ্যানে করে ফুটপাতে জার্সি বিক্রি হচ্ছে। মহানগরীর সাতমাথা, কবি নজরূল ইসলাম সড়কসহ বিভিন্ন সড়কের ফুটপাতে জার্সি পতাকা বিক্রি করছেন হকাররা।

ফুটপাতের জার্সি বিক্রেতা মুরাদ বলেন, কম দামে তাদের কাছে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি পাওয়া যাচ্ছে। জমে উঠেছে তাদের বেচা-কেনা। তিনি বলেন, পতাকার চেয়ে এবার জার্সির চাহিদাই বেশি। আর ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সিই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। ফুটপাত ও বিভিন্ন দোকানে ১৫০ থেকে ৪শ’ টাকায় বিক্রি হচ্ছে জার্সি।

ফুটপাতের দোকানি আব্দুর রহিম বলেন, ‘বাচ্চাদের জার্সি ১৫০ টাকা, ২৫০ টাকা ও বড়দের ৩শ’ থেকে ৪শ’ টাকায় বিক্রি করছি। প্রতিদিন কয়েকশ’ জার্সি বিক্রি করছি। তিনি বলেন, ‘এবার ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি বেশি বিক্রি হচ্ছে। ফুটপাতে জার্সির পাশাপাশি বিক্রি হচ্ছে পতাকাও। ফুটপাত থেকে ২০০ টাকা দিয়ে জার্সি কিনেছেন ব্রাজিলের সমর্থক সবুজবাগের বাধন।

তিনি বলেন, জার্সির কোয়ালিটি মোটামুটি ভালোই। বিশ্বকাপ তো একবারই আসে। আপাতত আমারটি কিনছি। পরিবারের সবার জন্য জার্সি কিনবো। অন্যদিকে, অনলাইনেও বিক্রি হচ্ছে জার্সি। অনলাইনে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে বিক্রি হচ্ছে জার্সি। বিভিন্ন পেজে ৪শ’ থেকে ১ হাজার টাকায় পাওয়া যাচ্ছে জার্সি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172253