খুলনায় আম খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ, একজনের মৃত্যু

খুলনায় আম খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ, একজনের মৃত্যু

মফস্বল ডেস্ক : খুলনার কয়রা উপজেলার মহারাজপুর এলাকায় আম খাওয়ার পর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজন নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও চার সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১০ জুন) বিকেলে এ ঘটনায় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন অসুস্থ ব্যক্তিরা। মৃত নারীর নাম লতিকা সানা (৫৫)। অসুস্থরা হলেন-তুলসি সানা (৪২), ইন্দ্রজিৎ সানা (১৪), বিবেকানন্দ সানা (৬০) ও প্রকাশ সানা (৫১)।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে পরিবারের সদস্যরা হায়াতখালী বাজার থেকে কেনা আম খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোর থেকে তাদের পেটের তীব্র সমস্যা ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে বুধবার বিকেলে তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

মৃত লতিকা সানার ভাতিজা নিতিশ সানা জানান, রাতে আম খাওয়ার পর সবাই স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়েছিলেন। তবে ভোর থেকে একে একে সবার পেট খারাপ শুরু হয় এবং দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটে।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য জানান, ডায়রিয়ায় আক্রান্ত পাঁচজনকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চারজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি আরও বলেন, আমে মাত্রাতিরিক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়ে থাকতে পারে অথবা বাড়িতে সংরক্ষণের সময় কোনোভাবে বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসার কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় তদন্ত ও পরীক্ষা প্রয়োজন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172181