বাতিল হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী টি-টোয়েন্টি সিরিজ

বাতিল হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী টি-টোয়েন্টি সিরিজ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া সফরের সূচিতে পরিবর্তন এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে নতুন সূচিতে ওয়ানডে সিরিজটি রাখা হলেও বাতিল করা হয়েছে টি-টোয়েন্টি সিরিজ।

২০২৭ সালে পুনঃনির্ধারিত নারীদের চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে এই পরিবর্তন আনতে হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। শ্রীলঙ্কায় হতে যাওয়া নারীদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসর জুন-জুলাই থেকে সরিয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নেওয়ার সিদ্ধান্তের পর অস্ট্রেলিয়ার ঘরোয়া আন্তর্জাতিক সূচি নতুনভাবে সাজানো হয়েছে।

আগের সূচি অনুযায়ী, বাংলাদেশ নারী দল ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্রিসবেন ও সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলত। সংশোধিত সূচিতে ৯, ১১ ও ১৪ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে তিনটি ওয়ানডে হবে। তিনটি ম্যাচই হবে দিবা-রাত্রির।

বাংলাদেশের বিপক্ষে যে তারিখগুলোতে টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল, সেই সময় অস্ট্রেলিয়া এখন খেলবে নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে। ১৮, ২০ ও ২২ অক্টোবর সিডনির নর্থ সিডনি ওভালে তিনটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফরও নতুনভাবে সাজানো হয়েছে। আগে ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ৭ পর্যন্ত একসঙ্গে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলার কথা ছিল তাদের। নতুন সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি সিরিজ হবে অক্টোবরে। এরপর মার্চে আবার অস্ট্রেলিয়ায় গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড।

ওই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে ৬ মার্চ ক্যানবেরার মানুকা ওভালে। পরের দুই ম্যাচ ৮ ও ১০ মার্চ মেলবোর্নের জাংশন ওভালে। ৮ মার্চের ম্যাচটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। জাংশন ওভালে ফ্লাডলাইট স্থাপনের পর এটিই হবে প্রথম দিবা-রাত্রির আন্তর্জাতিক ম্যাচ। একই দিনে আন্তর্জাতিক নারী দিবস এবং মেলবোর্নে সরকারি ছুটিও থাকবে।

নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের সময়ও কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে, যাতে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে শ্রীলঙ্কা থেকে ফিরে দলগুলো পর্যাপ্ত প্রস্তুতির সময় পায়। আগের সূচিতে ১, ৫ ও ৭ মার্চ ম্যাচগুলো হওয়ার কথা ছিল। এখন সেগুলো হবে ৬, ৮ ও ১০ মার্চ। শেষ দুটি ম্যাচ অ্যাডিলেড থেকে সরিয়ে মেলবোর্নে নেওয়া হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান পিটার রোচ জানিয়েছেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন সময় ঘোষণা করার পর দল ও সমর্থকদের কথা মাথায় রেখে সংশোধিত সূচি তৈরি করা হয়েছে। তিনি বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। নিউজিল্যান্ড দুই দফায় অস্ট্রেলিয়া সফরে সম্মত হওয়ায় তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

রোচ আরও বলেছেন, ১৫০তম বার্ষিকী টেস্টের আগে নারী ক্রিকেটকে বিশেষ গুরুত্ব দিতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। জাংশন ওভালে আলোয় প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজন নিয়েও তারা উচ্ছ্বসিত।

সংশোধিত সূচি

অস্ট্রেলিয়া নারী দল বনাম বাংলাদেশ নারী দল, ওয়ানডে সিরিজ

    ৯ অক্টোবর: অ্যালান বোর্ডার ফিল্ড, দিবা-রাত্রি
    ১১ অক্টোবর: অ্যালান বোর্ডার ফিল্ড, দিবা-রাত্রি
    ১৪ অক্টোবর: অ্যালান বোর্ডার ফিল্ড, দিবা-রাত্রি

অস্ট্রেলিয়া নারী দল বনাম নিউজিল্যান্ড নারী দল, টি-টোয়েন্টি সিরিজ

১৮ অক্টোবর: নর্থ সিডনি ওভাল

২০ অক্টোবর: নর্থ সিডনি ওভাল

২২ অক্টোবর: নর্থ সিডনি ওভাল

অস্ট্রেলিয়া নারী দল বনাম নিউজিল্যান্ড নারী দল, ওয়ানডে সিরিজ

৬ মার্চ: মানুকা ওভাল, দিবা-রাত্রি

৮ মার্চ: জাংশন ওভাল, দিবা-রাত্রি

১০ মার্চ: জাংশন ওভাল, সকাল ১০টা ৫ মিনিট

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172163