কিশোরগঞ্জে ট্রাকচাপায় ২ অটোরিকশাযাত্রী নিহত
মফস্বল ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মালবাহী ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা এলাকার রুস্তম আলীর ছেলে বাদল মিয়া (৪৫) এবং হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া এলাকার শামসুদ্দিনের ছেলে ইছাম উদ্দিন (৫০)।পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক মহাসড়কের শ্রীরামদী সরকারি হিমাগার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, অটোরিকশার যাত্রীরা সবাই বরশি দিয়ে মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন তারা।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান সংবাদমাধ্যমে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় চাপা দেয়া ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172161