চাঁপাইনবাবগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মাদক সংক্রান্ত একটি মামলার গ্রাম্য সালিশ সুরাহা না হবার পর বিবদমান দু’পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে মো. ইব্রাহীম (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

তিনি শাহজাহানপুর ইউনিয়নের চরদূর্লভপুর গ্রামের শওকত আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের বাবাসহ দু’পক্ষের অন্তত: ১২ জন। জিয়ারুল (৩৭) নামে তাদের একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসবাদের জন্য অন্তত: দু’জনকে আটক করেছে।

নিহতের পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার (১০ জুন) সকল সাড়ে ৮টার দিকে মাদক মামলায় জেলহাজতে থাকা ফাহাদ নামে এক ব্যক্তির পরিবার ও স্বজনরা মামলার খরচ নিয়ে ওই মামলায় জড়িত পলাতক একই গ্রামের রুবেলের বাবা মনিরুল ইসলাম ও তার লোকজনের সাথে সালিশে বসে। কিন্তু সালিশে কোন ফল না হওয়ায় উভয়পক্ষ সকাল ১০টার দিকে দেশি অস্ত্র, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এক পর্য়ায়ে বেলা সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন ইব্রাহীম। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। অন্যদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এদিকে ঘটনার পর মনিরুল ও তার লোকজন পলাতক। তাদের  আহতরা গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, মামলা সংক্রান্ত পূর্ব শত্রুতা নিয়ে সালিশের পর ঘটনাটি ঘটেছে। ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172137