রাজশাহী মহানগরবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব : রাসিক প্রশাসক
রাজশাহী প্রতিনিধি : সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রাজশাহী নগরীতে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। আজ বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর উপশহর মোড়ে ডেঙ্গু প্রতিরোধে রাসিকের উদ্যোগে ১০ জুন থেকে ২৩ জুন পর্যন্ত দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এবং ফগার মেশিনে কীটনাশক স্প্রে ও লার্ভিসাইড স্প্রে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রাজশাহী মহানগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তাই আসুন, ডেঙ্গুমুক্ত রাজশাহী নগরী গড়ে তুলতে নিজ আঙিনা ও আশপাশ পরিস্কার রাখি। ফুলের টব, ভাঙা হাড়ি-পাতিল, গাড়ি পরিত্যক্ত টায়ার, টিনের কৌটা, ডাব-নারিকেলের খোসা ইত্যাদি স্থানে পানি জমতে দেবেন না, মশার প্রজননস্থল ধ্বংসে সকলে সচেতন থাকি। আমরা সকলে মিলে রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলি।
উদ্বোধনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট নাজমুল আলম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রাসিকের পরিচ্ছন্ন বিভাগ জানিয়েছে, রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে স্ল্যাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, জঙ্গল ও মশার প্রজনন স্থানে ফগার মেশিনে স্প্রে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172136