বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদ সড়ক জলাবদ্ধতা মুক্ত হলো
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা পরিষদ সামনের সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় উঁচু ড্রেনটি রাস্তার সমতলে একাধিক ছিদ্র করে বৃষ্টির পানি নিষ্কাসনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আজ বুধবার (১০ জুন) পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের নির্দেশে পৌরসভা থেকে এই ব্যবস্থা নেয়ায় সড়কটি জলাবদ্ধতা থেকে মুক্ত হলো। এতে এলাকাবাসীসহ যানবাহন চলাচলে ভোগান্তি বহুলাংশে কমে আসবে।
উপজেলা পরিষদের সামনে সড়কের পশ্চিম পাশে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও ড্রেন সড়কের তুলনায় উচু হওয়ায় পানি নিষ্কাসনে বাধাগ্রস্ত হয়। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে এলাকার বিভিন্ন যানবাহনসহ পথচারীদের চলাচলের চরম ভোগান্তি পোহাতে হয়। ভুক্তভোগি এলাকাবাসীর অভিযোগ সড়কটির পশ্চিম ধারে অপরিকল্পিতভাবে নির্মিত ড্রেনটি সড়ক থেকে প্রায় ১ফুট উঁচু হওয়ায় ড্রেন দিয়ে বৃষ্টির পানি নিষ্কাসন হতে বাধাগ্রস্ত হয়।
ফলে ড্রেনটি সড়কের পানি নিষ্কাসনে কোনো কাজে আসছেনা। আবার সড়কটির পূর্ব পাশে নাম মাত্র ড্রেনেজ ব্যবস্থা থাকলেও তা অপরিস্কার ও আবর্জনায় ভরাট হয়ে আছে। সামান্য বৃষ্টি হলেই উপজেলা পরিষদের সামনের পুরো সড়কটি জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে পৌরবাসীসহ যানবাহন চলাচলে ভোগান্তি বেড়ে যায়। এ সংক্রান্তে গত রোববার দৈনিক করতোয়ায় একটি সংবাদ প্রকাশিত হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172079