কুমিল্লায় গ্যারেজে ঢুকে অস্ত্রের মুখে ৮০টি ব্যাটারি লুট
কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় একটি গ্যারেজে ঢুকে অস্ত্রের মুখে মালিককে জিম্মি করে ১৬টি অটোরিকশার অন্তত ৮০টি ব্যাটারি লুট করেছে দুর্বৃত্তরা।
আজ বুধবার (১০ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
গ্যারেজ মালিক মো. মবিন মিয়া জানান, ১৫ থেকে ২০ জনের একটি দল টিনের বেড়া টপকে গ্যারেজে প্রবেশ করে। তারা তাকে হাত-পা বেঁধে ফেলে এবং মুখে পিস্তল ঠেকিয়ে চিৎকার না করার হুমকি দেয়। পরে গ্যারেজে থাকা ১৬টি অটোরিকশার ব্যাটারি ও সিসিটিভি ক্যামেরার যন্ত্রাংশ নিয়ে যায়।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা চলে যাওয়ার পর তিনি চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে সকালে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয়রা অভিযোগ করেন, প্রায় দুই মাস আগে একই এলাকায় আরেকটি গ্যারেজ থেকে অটোরিকশার ব্যাটারি লুটের ঘটনা ঘটেছিল। কিন্তু সেই ঘটনায় কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172046