আফগানিস্তানে পাকিস্তানের হামলায় শিশুসহ নিহত ১৩

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় শিশুসহ নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : আফগাস্তিানের কুনার, খোস্ত ও পাক্তিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির এ হামলায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পাকিস্তানের সেনাবাহিনীকে অভিযুক্ত করেছে আফগানিস্তান। বুধবার (১০ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত তূলনামূলক শান্ত ছিল। মঙ্গলবার রাতে আবার হামলা হয়েছে। এটি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা। আফগানিস্তানের তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে এক পোস্টে বলেন, হামলায় নিহতদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী ও একজন বৃদ্ধ রয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় আরও অন্তত ১৪ নারী এবং শিশু আহত হয়েছেন। পোস্টে তিনি এ আগ্রাসন ও মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা জানান। আল জাজিরা বলছে, এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

ইসলামাবাদ এর আগে আফগানিস্তানে হামলার দায় স্বীকার করেছিল। ওই সময়ে তারা বলেছিল, টিটিপি সংশ্লিষ্ট যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাসান খেল এলাকায় টিটিপি সংশ্লিষ্টরা একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালানোর একদিন পর এই বিমান হামলা চালানো হয়েছে। 

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বলছে, এই হামলার জেরে একটি তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়, এতে পাকিস্তানের কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ফেডারেল কনস্ট্যাবুলারির ছয় সদস্য নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন। সূত্র : আলজাজিরা

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172027