রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার আসামি হাবিবুর গ্রেফতার
রংপুর জেলা প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার আসামি র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। র্যাব-১৩’র আভিযানিক দল আজ বুধবার (১০ জুন) ভোর রাতে রংপুর জেলার গঙ্গাচড়া থানার ধনতলা বাজার কলাবাড়ি ৫নং ওয়ার্ডের দক্ষিণ বেতগাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি দক্ষিণ বেতগাড়ী কলাবাড়ী এলাকার নয়া মিয়ার ছেলে হাবিবুর রহমানকে (২৫) গ্রেফতার করে। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, ভিকটিম বাদীর স্ত্রী। ঘটনার দিন গত ১৯ ফেব্রুয়ারী বাদি গঙ্গাচড়া থানার ধনতোলা বাজারে নিজের চায়ের দোকানে ব্যবসা করছিলেন। ভিকটিম তার বাড়িতে শুয়ে থাকাবস্থায় ধৃত আসামি হাবিবুর রহমান ভিকটিমের বসতঘরে প্রবেশ করে ধর্ষণ করে। ভিকটিম কোনমতে আসামির হাত মুখ থেকে সরিয়ে চিৎকার দিলে বাদির পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা ভিকটিমের বাড়িতে এসে আসামি হাবিবুরকে হাতেনাতে আটক করে একটি ঘরে আবদ্ধ করে রাখে। এই ঘটনা লোকমুখে ছড়িয়ে পড়লে ধৃত আসামির বাবা-মা অজ্ঞাত আরো কিছু লোকজন নিয়ে বাদির বাড়িতে আসে এবং বাদির পরিবারের লোকজনের সাথে বাকবিতন্ডা শুরু করে। এক পর্যায়ে, ধৃত আসামির পরিবারের লোকজন বাদিকে মারধোর করে তার ঘরের দরজা ভেঙে ধৃত আসামি হাবিবুরকে ঘটনাস্থল থেকে নিয়ে চলে যায়। উক্ত ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি ভিকটিমের স্বামী বাদি হয়ে গঙ্গাচড়া মডেল থানায় ধর্ষণ এবং সংঘবদ্ধ অনধিকার প্রবেশ করে মারধর করার অভিযোগে একটি মামলা দায়ের করেন। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩’র একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি হাবিবুর রহমানকে গ্রেফতার করে।
র্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/172020