বগুড়াতেই সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশ এ দলের, তবে বাধা হতে পারে বৃষ্টি
স্পোর্টস রিপোর্টার: সফরকারী জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ বুধবার মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দল। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে, গতদিনের বৃষ্টির কারণে মাঠের আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়া নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে মুশলধারে বৃষ্টির ফলে স্টেডিয়ামের আউটফিল্ডে পানি জমে যায়। এই কারণে আজ মঙ্গলবার (৯ জুন) দুই দলের পূর্বনির্ধারিত অনুশীলন পর্ব বাতিল করতে বাধ্য হন টিম ম্যানেজমেন্ট। আউটফিল্ডের বর্তমান অবস্থার কারণে আজকের ম্যাচ মাঠে গড়ানো নিয়ে সংশয় দেখা দিলেও গতকাল সারাদিন নতুন করে আর বৃষ্টি না হওয়ায় মাঠ কিছুটা শুকিয়েছে।
মাঠ তৈরির কাজে নিয়োজিত গ্রাউন্ডসম্যানদের সাথে কথা বলে জানা গেছে, নতুন করে আর বৃষ্টি না হলে এই মাঠে খেলা চালানো সম্ভব। তবে সে ক্ষেত্রে নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে টস এবং খেলা শুরু হতে পারে।
এর আগে গত সোমবার অনুষ্ঠিত সিরিজের প্রথম একদিনের ম্যাচে সফরকারীদের ৮৫ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দল। আজকের ম্যাচটি জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে ড্রেসিংরুমে ফেরার পর হঠাৎ তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক জাকির হাসান। পরিস্থিতি বিবেচনায় দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছিল।
তবে স্বস্তির খবর হলো, বাংলাদেশ ‘এ’ দলের টিম ম্যানেজমেন্টের বরাত দিয়ে শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানিয়েছেন, জাকির হাসান বর্তমানে সম্পূর্ণ সুস্থ এবং দ্বিতীয় ওয়ানডেতে খেলার জন্য পুরোপুরি ফিট আছেন।
টাইগার ভক্তদের চোখ এখন বগুড়ার আকাশের দিকে। আবহাওয়া অনুকূলে থাকলে আজই সিরিজ নিজেদের করে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171984