ঢাকা থেকে ট্রেনে বগুড়ায় আসা দুই শিশু এখন থানা হেফাজতে
স্টাফ রিপোর্টার : বগুড়ায় নিখোঁজ ৭ বছর বয়সী দুই শিশু এখন পুলিশ হেফাজতে। তারা একসাথে ঢাকা থেকে ট্রেনে এসে বগুড়ায় হারিয়ে যায়। পুরান বগুড়ার তিনমাথায় গত সোমবার রাত ১০ টার দিকে লোকজন শিশু দুটিকে কাঁদতে দেখে সদর থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ওই দুই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বগুড়া সদর থানার ওসি মো: ইব্রাহীম আলী বলেন,শিশু দুটি কৌতুহলবশত: ঢাকার কমলাপুর স্টেশন থেকে ট্রেনে উঠে বগুড়ায় এসে হারিয়ে যায়। পরে গত সোমবার রাত ১০ টার দিকে তারা বগুড়া রেল স্টেশন থেকে হেঁটে পুরান বগুড়া তিনমাথায় গিয়ে কাঁদতে থাকে। বিষয়টি সাধারণ মানুষের নজরে পড়লে তারা ওই দুই শিশুকে সেখানে রেখে সদর থানায় খবর দেয়।
পরে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে থানায় এনে হেফাজতে রাখে। শিশু দুটির পড়নের কাপড় ছিল কালিমাখা। তাদের একজনের পড়নে কালো গেঞ্জি ও অপরজনের পড়নে সাদা গেঞ্জি ছিল। তাদের নতুন জামা কিনে দেয়া হয়েছে। খাবার খাইয়ে দেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের আংশিক পরিচয় মিলেছে। এরমধ্যে একজন তার নাম রিয়াজ,বাবার নাম মুক্তার, পেশা রিকশা চালক,বাড়ি ঢাকার মীরপুরের মিল্লাদ ক্যাম্প, ধ-ব্লক বলেছে।
অপরজন তার নাম হাসান, বাবার নাম মান্নান,মা-গৃহপরিচারিকা বাড়ি মীরপুর-১১ ঢাকা বলেছে। শিশু দুটি থানার নারী ডেস্কের ইনচার্জ এসআই জেবুন নেছার ত্তত্বাবধানে আছে। ওসি আরো বলেন, শিশু দুটি উদ্বারের পর তাদের পরিচয় জানতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ছবি পোস্ট করা হয়।
ফেসবুকের কল্যানে শিশু রিয়াজের পরিচয় পাওয়া গেছে। রিয়াজকে নিতে তার বাবা মা বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে গতরাত ৯ টা পর্যন্ত তারা বগুড়ায় পেীঁছুতে পারেননি। অপর শিশু হাসানের পরিবারের এখনো কোন খোঁজ পাওয়া যায়নি।
নারী ডেস্কের ইনচার্জ এসআই জেবুন নেছা বলেন, শিশু দুটি অত্যন্ত চঞ্চল এবং কৌতুহলী। এ কারনে খেলার ছলে তারা বগুড়াগামী ট্রেনে উঠে বগুড়ায় এসে হারিয়ে গিয়েছিল। তারা দু’জনই দরিদ্র পরিবারের। শিশু রিয়াজের বাবা রিকশা চালক। আর হাসানের মা শিউলি অন্যের বাড়িতে কাজ করে। শিশু দুটি তার হেফাজতে রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171983