লালমনিরহাটে তুচ্ছ ঘটনায় মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

লালমনিরহাটে তুচ্ছ ঘটনায় মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে লিয়াকত আলী লাদেন নামে এক মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উপজেলার সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত লিয়াকত আলী লাদেন উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাটারী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রসার ছাত্র ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি একই ইউনিয়নের দাসপাড়া গ্রামের জুয়েলের ছেলে রাব্বিরের সাথে লাদেনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাব্বি তাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করলে লাদেন ক্ষিপ্ত হয়ে তাকে চড়-থাপ্পড় দেয়। পরে স্থানীয়রা হস্তক্ষেপ করে বিষয়টি প্রাথমিকভাবে মীমাংসা করে দেন। কিন্তু স্থানীয়দের মীমাংসার পরও ক্ষোভ পুষে রাখে অভিযুক্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রাতে সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লাদেন একা বসে ছিল। এসময় রাব্বির বড় ভাই রকি পেছন থেকে লাদেনকে অতর্কিতভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদ্রসা ছাত্র হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। রাতেই বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কথা হলে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171950