কুমিল্লায় পুলিশের গাড়িতে অটোরিকশা চালকদের হামলা-ভাঙচুর, ৩ সদস্য আহত
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
একটি অটোরিকশা জব্দ করাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে হাইওয়ে পুলিশের তিন সদস্য আহত হন।
এ ঘটনায় ইউসুফ আলী নামে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মো. শাহিনুর আলম খান।
তিনি বলেন, সকালে মহাসড়কের নিমসার সবজি বাজারে সড়কে যানজট নিরসনের কাজ করছিল হাইওয়ে পুলিশ। এ সময় সড়কে গাড়ি রেখে যানজট সৃষ্টি করায় একটি অটোরিকশা জব্দ করে থানায় নিচ্ছিল পুলিশ। পথিমধ্যে চালক গাড়িটি ঘুরিয়ে দিলে রিকশাটি উল্টে গিয়ে এক পুলিশ সদস্য ও চালক আহত হন। সঙ্গে সঙ্গে অতর্কিতভাবে আশপাশের অন্তত ৩০-৩৫ জন অটোরিকশা চালক সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা ও একটি গাড়ি ভাঙচুর করেন। এতে হাইওয়ে পুলিশের তিন সদস্য আহত হন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত ওই রিকশাচালককে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।