কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন ডা. জুবাইদা রহমান

কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন ডা. জুবাইদা রহমান

 ঢাবি প্রতিনিধি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হবে।

বুধবার (১০ জুন ) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাঃ জুবাইদা রহমান । তিনি মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একইসঙ্গে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা’ কর্মসূচিরও উদ্বোধন ঘোষণা করা হবে। আয়োজক সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানচর্চা ও গবেষণামনস্কতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা এবং বৈজ্ঞানিক গবেষণার প্রতি আগ্রহ বৃদ্ধিতে উৎসাহিত করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাবিদ, গবেষক, পরিবেশবিদ, শিক্ষার্থী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171910