মুকসুদপুরে ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষ, নিহত ১
গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (৩৫) একজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সেবা গ্রিনলাইন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত মাসুদ ফরিদপুর জেলার নগরকান্দা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি পিকআপভ্যানচালকের সহকারী (হেলপার) ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।