পাবনার ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় আ’লীগ নেতা গ্রেফতার
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ মামলায় আব্দুল মান্নান ওরফে মোননাফ সরকার (৬০) নামে এক কর্মকান্ড নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল রোববার রাত ৭টায় উপজেলার প্রত্যন্ত খানমরিচ ইউনিয়নের ময়দানদিঘী বাজার থেকে তাকে আটক ভাঙ্গুড়া থানা হেফাজতে নেওয়া হয়। আজ সোমবার (৮ জুন) দুপুর ১২টায় থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করেছে। গ্রেফতারকৃত মোননাফ আলী খানমরিচ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি।
গত ২৫ সালের ১১ মে রাতে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় একদল দুর্বৃত্ত। পরদিন এ ঘটনায় অষ্টমনিষা ইউনিয়নের বিএনপি কর্মী ময়ছের আলী বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীসহ অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা মোননাফ সরকারকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার (৮ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171844