মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু নিহত, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় ৮ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এসময় ওই শিশুটিকে রক্ষার চেষ্টা করতে গিয়ে একই ট্রাকের চাপায় প্রাণ গেছে অপর মোটরসাইকেল আরোহীর। নিহত শিশু হলো পাবনা সদর উপজেলার কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে আলিফ (৮)।
তবে নিহত মোটরসাইকেল আরোহীর নাম পরিচয় পাওয়া যায়নি। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী উপজেলার পাকশী হাইওয়ে থানার ইনচার্জ মো. নান্নু খান এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, ছেলে আলিফকে নিয়ে পাকশী বেড়াতে গিয়েছিলেন তার মা। রাতে সিএনজিচালিত অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় পৌঁছার পর অটোরিকশাটি সামান্য কাঁত হয়ে যায়। এসময় অটোরিকশায় থাকা মায়ের কোল থেকে শিশু আলিফ ছিটকে বাইরে সড়কের ওপর পড়ে। ছেলেকে বাঁচাতে মা অটোরিকশা থেকে লাফ দিয়ে নামার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।
একই সময় দ্রুতগামী এক মোটরসাইকেল আরোহী শিশুটিকে বাঁচানোর চেষ্টা করলে দু’জনই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় এবং শিশু আলিফের মা আহত হন। তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাকশী হাইওয়ে থানার ইনচার্জ মো. নান্নু খান জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করে। তবে অটোরিকশা ও ট্রাক চালক পালিয়ে গেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171840