বিষাক্ত মদ পানে হত্যা মামলায় দুই মাদক কারবারি গ্রেফতার
রংপুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে বিষাক্ত মদপানে পাঁচ ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো, রফিকুল ইসলাম(৪৫) ও শফিকুল ইসলাম। তাদের বাড়ি মিঠাপুকুর উপজেলার খোর্দ্দ কোমড়পুর এলাকায়। গতকাল রোববার ঢাকার আশুলিয়া এলাকার নিরিবিলি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আজ সোমবার (৮ জুন) বিকেলে সাংবাদিকদের কাছে পাঠানো র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানা যায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ মে রাতে রফিকুল ইসলাম বেশ কয়েকজন মাদক সেবনকারীকে মদপান করান।
পরে সেবনকারীরা অসুস্থ হয়ে পড়লে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়। এঘটনায় মাদকসেবী সাজু মিয়া মৃত্যুবরণ করলে তার ভাগ্নে জাহিদুল ইসলাম মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যাব তদন্ত শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা গতকাল রোববার রাতে ঢাকার আশুলিয়া এলাকার নিরিবিলি এলাকা থেকে তাদের গ্রেফতার করে। তাদের নামে মাদকের বেশ কয়েকটি মামলা রয়েছে বলে র্যাব জানায়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171832