বগুড়া শজিমেক হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত
স্টাফ রিপোর্টার : সারা দেশের মত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। এদিকে আজ সোমবার (৮ জুন)ও তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈষম্যমূলক প্রস্তাবনা বাতিল এবং ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল রোববার সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়।
ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. নিয়ামুল হোসেন জানান, আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে। একই সঙ্গে হাসপাতালের সেবা যেনো ব্যাহত না হয় সেজন্য সিনিয়র চিকিৎসকসহ সকল চিকিৎসক কার্যক্রম ঠিক রেখেছেন বলে তিনি দাবি করেন।
ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মবিরতিতে দুর্ভোগে পড়েছেন শজিমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে হাসপাতালের সেবা সচল রাখতে সিনিয়র চিকিৎসকসহ অন্যান্য চিকিৎসকদের হাসপাতালে বেশি সময় দিচ্ছেন। উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতালের জরুরি বিভাগসহ অন্যান্য কোনো চিকিৎসা সেবা যেনো ব্যাহত না হয় তারা সেই চেষ্টা করে যাচ্ছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171824