জয়পুরহাটের আক্কেলপুরে স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

জয়পুরহাটের আক্কেলপুরে স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে স্বামীর উপর অভিমান করে ফাঁস দিয়ে শারমীন সুলতানা (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। আজ সোমবার (৮ জুন) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার উত্তরা রামশালা গ্রামে। নিহত গৃহবধূ ওই গ্রামের কলিম উদ্দিনের ছেলে শামীম হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে শামীম বাড়িতে আসলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর শামীম তার দুই সন্তানকে নিয়ে পাশের ঘরে ঘুমিয়ে পড়েন। ওই সময় শারমীন পাশের একটি ঘরে বাঁশের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে শামীম ঘুম থেকে উঠে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সোনামুখী ইউপি’র সাবেক চেয়ারম্যান সোলাইমান আলী সরদার বলেন, প্রেমের সম্পর্ক করে শারমিন ও শামীম বিয়ে করেছিল। রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, এরপর শামীমের সন্তানদেরকে নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখে স্ত্রী আত্মহত্যা করেছে।

আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম বলেন, স্বামীর সাথে অভিমান করে শারমিন সুলতানা নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আক্কেলপুর থানাই অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171807